ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাহ আলী মাজারে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করেছে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলটি মাজার পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম, শাহ আলী থানার প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তারা মাজার জিয়ারতের পাশাপাশি আক্রান্তদের সাথে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। এরপর নেতারা শাহ আলী থানার অফিসার ইন চার্জের সাথেও সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সারোয়ার তুষার গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। ফিলিপনগরের ঘটনায় সরকারি দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার লক্ষ করা যাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন আহত হন।



