হায়দারাবাদ ও কাশ্মিরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে মুসলীম লীগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মুসলিম লীগ প্রতিষ্ঠার ১২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেছেন, মুসলিম লীগ আমাদের হায়দারাবাদ আর কাশ্মিরের মতো নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাস মূলত মুসলিম লীগের ইতিহাসেরই ধারাবাহিকতা।

গতকাল বিকেলে রাজধানীর শাহবাগের হাদি চত্বরে ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, শহীদ জাতীয় বীর ওসমান হাদির খুনি আর ফ্যাসিস্ট হাসিনা যে দেশে থাকে, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ৫ আগস্টের শহীদান ও আহতদের রক্তের সাথে বেঈমানি করে যদি শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়, তবে জুলাই-আগস্টের বিপ্লবী জনতা আবারো রাজপথে নেমে ‘গুজরাটের কসাই’ খ্যাত মোদিকে প্রতিরোধ করবে।

তিনি মুসলিম লীগের ঐতিহাসিক নেতাদের স্মরণ করে বলেন,নবাব সলিমুল্লাহ, শেরে বাংলা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আর স্যার সৈয়দ আহমদকে স্মরণ করা মানে বাংলাদেশের জন্মের ধারাবাহিকতাকে ধারণ করা।

তিনি হুঁশিয়ারি করে বলেন, ৫ আগস্টের পর যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হাসিনার ‘প্রভু’ ও আশ্রয়দাতাদের সাথে হাত মেলাবে, তাদের পরিণতিও করুণ হবে এবং সেই হাত ভেঙে ফেলা হবে। এ ছাড়া বর্তমান বঙ্গভবনে গিয়ে শপথ নেয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ‘ফ্যাসিস্ট চুপ্পু’র (রাষ্ট্রপতি) কড়া সমালোচনা করেন।

ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটসের চেয়ারম্যান আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- নবাব সলিমুল্লাহ অ্যাকাডেমির চেয়ারম্যান আবদুল জাব্বার, অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি আমীর আলী হাওলাদার, মুসলিম লীগ স্ট্যান্ডিং কমিটির সদস্য আবদুল হান্নান নুর, এবি পার্টি পেশাজীবী কাউন্সিল ও নেতা, সাধারণ সম্পাদক মাহবুব শামীম, ছাত্রনেতা শাওন-সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা জাতীয় বীর শহীদ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একইসাথে জুলাই বিপ্লবের যোদ্ধাদের খুনিদের অবিলম্বে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।