গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক নম্বর কাঞ্চনতলা এলাকায় এক ভূমিহীন পরিবারের ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বাবু জানান, স্থানীয় আব্দুল্লাহ তার প্রতিষ্ঠানের প্রয়োজনে সরকারি খাস জমি দখল করে মাঠ তৈরির উদ্দেশ্যে এ ভাঙচুর চালানো হয়।
তিনি বলেন, অভিযুক্ত কাঞ্চনতলা এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম আব্দুল্লাহর নির্দেশে মাদরাসার কয়েকজন ছাত্র তার খাস জমিতে নির্মিত ঘর ভাঙচুর চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত কোরবানির ঈদের সময় আব্দুল্লাহ তার কাছে জোর করে দশ ওয়ালি গোশত দাবি করেন। কিন্তু তিনি তাকে গোশত দেননি। এ ঘটনায় ক্ষোভের বশবর্তী হয়ে পরিকল্পিত হামলা-ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া হামলাকারীরা তার বসতঘর সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
ঘটনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত আব্দুল্লাহ নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত জনতাকে শান্ত থাকতে বলেন এবং বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দিয়ে চলে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, মাদরাসার ছাত্ররা এ ঘটনা ঘটিয়েছে। তবে উপস্থিত এলাকাবাসীর দাবি, শুধু ছাত্ররাই নয়, ঘটনার সময় বেশ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের নির্দেশেই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে আব্দুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।


