রংপুর ব্যুরো
রংপুরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। সাধারণ ক্রেতারা নির্ধারিত মূল্যে তেল না পেলেও বেশি টাকা দিলে মিলছে সয়াবিন ও পাম অয়েল। এই কৃত্রিম সঙ্কট নিরসনের দাবিতে সরব হয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। অন্য দিকে বেশি দামে তেল বিক্রির অপরাধে এসএস ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার মহানগরীর সিটি বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে ভোজ্যতেলের তীব্র সঙ্কট। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলাররা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন না। অনেক ডিলার বোতলজাত তেলের বদলে ড্রামে খোলা তেল বেশি দামে বিক্রি করছেন। ক্যাবের রংপুর জেলা সভাপতি অভিযোগ করেন, প্রশাসনের নজরদারি ও নিয়মিত মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। বুধবার সকালে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে ক্যাব নেতারা অবিলম্বে মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিকেলে নগরীর সেনপাড়া এলাকায় এসএস ট্রেডার্স নামে একটি পাইকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদফতর, জেলা প্রশাসন ও র্যাব-১৩। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে। এ ছাড়া জারকিনের গায়ে মূল্য ও মেয়াদের তারিখ না থাকা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মালিক সাজিদুল ইসলাম মুকুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।



