রয়টার্স
ইরানকে অস্ত্র তৈরিতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ গতকাল শুক্রবার ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে সহায়তা দিয়েছে।
এ পদক্ষেপ এমন সময়ে নেয়া হলো, যখন কয়েক দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বৈঠক করার পরিকল্পনা করছেন। একই সময়ে ইরানের সাথে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাও স্থবির হয়ে আছে। অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যেন তাদের সামরিক শিল্পকারখানায় উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করতে না পারে, তা নিশ্চিত করতে তারা অর্থনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত।



