চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এ ছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের মধ্যে চট্টগ্রামে কৃষক কার্ডের কার্যক্রমও শুরু হবে।
তিনি সার্কিট হাউজে জেলা তথ্য অফিস চট্টগ্রাম আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকূপ, বৃরোপণ, খাল খনন, নারীর জন্য গাড়ির সুফল’ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তৃতায় বুধবার বিকেলে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, কৃষির চাহিদা অনুযায়ী সারা দেশে খাল খনন শুরু হয়েছে। চট্টগ্রামে বামনশাহী খাল খননের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ ছাড়া এখানকার ৫৪টি খালের মধ্যে ৬২ কিমি. খননসহ মোট ১২৮ কিমি. খাল খনন করা হবে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার, চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র ময়লা ও আবর্জনা, পলিথিন না ফেলা-প্রভৃতি বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) আয়েশা সিদ্দীকা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে গণযোগাযোগ অধিদফতর ও জেলা তথ্য অফিস চট্টগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় তিনি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তথ্য জনগণ বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে তুলে ধরতে গণযোগাযোগ অধিদফতর ১৮০ দিনের প্রচার কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানের শুরুতে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকূপ, বৃরোপণ ও নারীর জন্য গাড়ি বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শরীফ উদ্দিন, মো: কামরুজ্জামান, প্রেস কাব সভাপতি জাহিদুল করিম কচিসহ সমাজসেবা অধিদফতর, কৃষি অধিদফতর ও বন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।



