ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল বাংলাদেশে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, আর তৃতীয় ও শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।
গত এপ্রিলের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ব্যাটার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বছর বয়সী এই ডান হাতি ব্যাটার সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা পেলেন মোসাদ্দেক। ঢাকা প্রিমিয়ার লিগে এবার আবাহনীর হয়ে করেছেন একটি সেঞ্চুরি ও দু’টি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ মাঠে নেমেছিলেন মোসাদ্দেক। প্রায় চার বছর পর তিনি আবার ফিরেছেন জাতীয় দলে। আবাহনীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন। বোলিংয়ে উইকেট পেয়েছেন ১২টি। এ ছাড়া সোহান বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে ৮ ম্যাচে ২৪৮ রান করেছেন। নিউজিল্যান্ড সিরিজে বাইরে থাকার পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
মোসাদ্দেককে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে, ছয় নম্বরে তার স্কিলটা আরো বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ ক্রিকেটার, আগেও খেলেছে, প্রিমিয়ার লিগে ভালো ফর্মে আছে। তার অলরাউন্ড সক্ষমতা আমরা কাজে লাগাব।’
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



