আনাদোলু
চলমান সংঘাতের মাধ্যমে এই অঞ্চলকে নতুনভাবে সাজানোর অপচেষ্টা রুখে দিচ্ছে তুরস্ক। একই সাথে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরো শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এসব কথা জানিয়েছেন। এরদোগান জানান, গাজা, লেবানন, সুদান ও ইয়েমেনে রক্তপাত ও কান্নার মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে তুরস্ক এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে কার্যকর ভূমিকা পালন করছে।
প্রতিরক্ষা খাতে তুরস্ক ইতিহাস গড়ছে বলে জানান তিনি। ব্যাপক আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের এই যুগে নিজেদের দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে অবিচল থাকার কথা তুলে ধরেন এরদোগান। তিনি বলেন, ‘সরকার ও জোট হিসেবে আমরা জানি, ঐতিহাসিক রূপান্তরের এই সময়ে আমরা এক ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছি। ঝগড়া বা তর্কে জড়ানোর মতো কোনো সময় আমাদের হাতে নেই।’ তিনি আরো জানান, বাইজেন্টাইন সাম্রাজ্যের অনুসারীদের বিরোধিতার পরও ইস্তাম্বুল তুর্কি ও মুসলিমদেরই থাকবে।



