ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন বাস কেড়ে নিল ২ পরিচ্ছন্নকর্মীর প্রাণ

অন্যান্য স্থানে নিহত ১১, আহত ১২ জন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই পরিচ্ছন্নকর্মী, আহত হয়েছেন আরো দুইজন। এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর, টাঙ্গাইলের মির্জাপুর, কুড়িগ্রামের রাজারহাট, কিশোরগঞ্জের হোসেনপুর, খুলনার ডুমুরিয়া, কুমিল্লার নাঙ্গলকোট, চুয়াডাঙ্গা ও নওগাঁর পতœীতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের খাদেমসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

ঢাকা-মাওয়া মহাসড়কে ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঢাকা জেলা প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিক রাস্তার পাশে এবং একটি কর্মযানে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কর্মযানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই মাহফুজ (৩৫) ও জামাল (৩৬) নামে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়। আহত হন চান মিয়া (৪০), সেলিম (৩৫), বরকত (৩২) ও জসিম (৩৫)। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, এ সময় চালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোটে কিশোরের মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলা দেখে খালাতো ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে রায়হান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। দৌলখাঁড় ইউনিয়নের কেকৈয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। বুধবার বিকেলে উপজেলার ইউনিয়নের রাজারবাগ-মাদ্রা-নাথেরপেটুয়া সড়কের দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা নিহত রায়হানের ফুফাতো ভাই ভোলাকোট গ্রামের মাসুমের ছেলে আকাশ (২৪) গুরুত্বর আহত হয়। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়ায় মোটরবাইকচালক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সজিব (২০) নামের এক মোটরসাইকেলচালক। এ সময় গুরুতর আহত হয়েছেন রিয়াদ (২৯) নামে মোটরসাইকেলের এক আরোহী।

গতকাল সকাল ৯টার দিকে মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কুষাকান্দা মাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেলচালক সজিব উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী রিয়াদ উপজেলার চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে। তারা দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

কুলিয়ারচরে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দু’টি ভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ছয়সূতী ইউনিয়নের মধূয়ারচর এলাকায় একটি মোটরসাইকেলের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২১) এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)। একই দুর্ঘটনায় আহত ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দিকে কুলিয়ারচর উপজেলা এলজিইডি অফিসের দায়সারা তদারকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে প্রাণ গেছে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের। তার নাম মো: আব্দুস সাত্তার (৫৫)। তিনি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছা: নাজমা আক্তারের স্বামী।মির্জাপুরে নিহত ১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহসড়কে বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে মহাসড়কের শুভুল্যা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নাসির গ্রুপে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, মেহেদী হাসান মোটরসাইকেলে ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। বেপরোয়া বাসটি জব্দ করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাটের ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে আইয়ুব আলী, পেশায় সুপারি ব্যবসায়ী।

এ ঘটনায় আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে।

হোসেনপুরে মসজিদের খাদেম নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় নিজ বাড়ির সামনে মো: হাফিজ উদ্দিন হাবি (৭৩) নামে স্থানীয় মসজিদের এক খাদেম নিহত হয়েছেন। তিনি হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর গ্রামের জয়নালের বাড়ির মৃত আফতাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের মোরগ মহল মসজিদে যাওয়ার পথে হোসেনপুর-কিশোরগঞ্জ বাইপাস সড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজনের তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

খুলনায় নিহত ১

খুলনা ব্যুরো জানায়, খুলনায় গতকাল যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন যাত্রী নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে খুলনা আসার সময় যাত্রীবাহী বাসটি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে সাইদুর রহমান সাইদ (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ যাত্রী আহত হন।

নওগাঁয় একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পতœীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার খড়াইল ছাইদুলের বয়লারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত রমজান আলী উপজেলার ঝলকাহার তেজাপাড়া গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় খড়াইল মোড়ের পাশে ছাইদুলের বয়লারের সামনে এলে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে সে। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তার মাথার মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চুয়াডাঙ্গায় নারী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার ভালাইপুর-আসমানখালী সড়কে অটোগাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ভালাইপুর থেকে আসমানখালী আসার পথে চেতলা খাজা বাবার মোড় এলাকায় একটি শ্যালোচালিত অটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িতে থাকা এক নারী মারা গেছেন। তিনি চিতলা গ্রামের বাসিন্দা এবং সাত্তার মণ্ডলের স্ত্রী।