রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানির সঙ্কট দুর্ভোগে রোগীরা

Printed Edition

এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসাসেবা নিতে আসা মানুষজন। পানি সঙ্কটের কারণে হাসপাতালের টয়লেট ও বাথরুমগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন শত শত মানুষ। সরেজমিন দেখা যায়, হাসপাতালের কোনো পানির কলেই পানি নেই। বাধ্য হয়ে রোগীর স্বজনরা দূরের খাল ও পুকুর থেকে বালতিতে করে পানি এনে ব্যবহার করছেন।

ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরে গোসল ও স্বাভাবিক পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। মলমূত্র ত্যাগের পর পরিষ্কার-পরিচ্ছন্নতায়ও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে বলে অভিযোগ তাদের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল খায়ের রাসেল জানান, প্রায় ৫৫ বছর আগে স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি দীর্ঘ দিন ধরে সমস্যায় ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। সর্বশেষ পরীক্ষায় মাটির নিচে পানির স্তর না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো জানান, টিউবওয়েলের পাইপ ওয়াশ করেও সমাধান পাওয়া যায়নি। আপাতত ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালের পুকুর থেকে বাথরুমে অস্থায়ীভাবে পানি সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নতুন গভীর নলকূপ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে। তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ভোগান্তি কাটবে না বলে আশঙ্কা স্থানীয়দের।