খোলা আকাশের নিচে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে লাখ টাকার আসবাবপত্র

Printed Edition

বেলাব (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সংযোজিত ভবনের ছাদে দীর্ঘ দিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিপুল পরিমাণ পরিত্যক্ত আসবাবপত্র ও সরঞ্জাম। স্থানীয়দের দাবি, রোগীর খাট, চেয়ার, টেবিল এবং বিভিন্ন লোহা ও স্টিলের তৈরি সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

দীর্ঘ দিন রোদ-বৃষ্টির মধ্যে পড়ে থাকায় এসব সামগ্রীতে মরিচা ধরে নষ্ট হচ্ছে। এ ছাড়া ছাদে এভাবে মালামাল ফেলে রাখার কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে, যা ভবনের ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই মূল্যবান এসব সামগ্রী অযতেœ পড়ে রয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দা তানজিনা আফরিন বলেন, পরিত্যক্ত আসবাবপত্রের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা প্রস্তুতের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে প্রথম জানলাম। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

স্থানীয়দের দাবি, সরকারি সম্পদের অপচয় রোধে দ্রুত এসব মালামাল সংরক্ষণ বা নিলামের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া প্রয়োজন।