বার্সাকে হালি গোল অ্যাথলেটিকোর

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৪ গোলের বিব্রতকর হার উপহার দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই ন্যূ ক্যাম্পের দলটিকে চেপে ধরেছিল মাদ্রিদের দলটি। চোটের কারণে মার্কাস রাশফোর্ড, রাফিনহাসহ কয়েকজন খেলোয়াড়কে এই ম্যাচে পায়নি বার্সেলোনা। সেই সুযোগে ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে স্বাগতিক দলটি। তৃতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা। বক্সে ফাঁকায় বল পান জুলিয়ানো সিমিওনে। তবে তার প্রচেষ্টা এগিয়ে এসে পা দিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক গার্সিয়া।

কিন্তু ম্যাচের ৭ মিনিটে আর রক্ষা পায়নি বার্সেলোনা। এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। গার্সিয়ার ব্যাকপাসে বক্সে বলের ওপর পা রেখে আটকাতে গিয়ে অবিশ্বাস্যভাবে বল স্পর্শই করতে পারেননি স্প্যানিশ গোলরক্ষক। ছুটে গিয়ে এক ডিফেন্ডার ঝাঁপিয়ে বল ফেরানোর চেষ্টা করলেও আগেই গোললাইন পেরিয়ে যায়। ১৪ মিনিটে অ্যান্তনিও গ্রিজম্যান জালের দেখা পেলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিক দলটি। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গ্রিজম্যান। ৩৩ মিনিটে ৩-০ গোলের লিড এনে দেন আদেমোলা লোকমান। আলভারেসের পাস বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে জালে পাঠান সম্প্রতি দলটিতে যোগ দেয়া নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। সর্বশেষ গোলটিও আসে প্রথমার্ধেই। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন জুলিয়ান আলভারেজ। এবার লোকমানের পাস বক্সের একটু বাইরে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই আর জালের দেখা না পেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাথলেটিকো।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত পরশুর এই ঘটনার আগে বার্সা সবশেষ ১৯৫৩ সালে প্রথমার্ধে চার গোল হজম করেছিল। প্রায় ৭৩ বছর আগে লা লিগার ম্যাচে বার্সার বিপক্ষে চার গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বার্নাব্যুর দলটি। আর অ্যাথলেটিকোর বিপক্ষে সর্বশেষ লা লিগার ম্যাচে ১৯৪৯-৫০ মৌসুমে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ শেষে ৪-১ স্কোর নিয়ে মাঠ ছেড়েছিল বার্সেলোনা।

কোপা দেল রের গত আসরেও সেমিফাইনালেম মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে রোমাঞ্চকর ৪-৪ ড্রয়ের পর, ফিরতি লেগে মেত্রোপলিতানোয় ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। পরে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা উঁচিয়ে ধরেছিল ট্রফি। আগামী ৩ মার্চ ক্যাম্প ন্যূয়ে ফিরতি লেগে অসাধারণ কিছু করে দেখাতে পারলেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকবে হ্যান্সি ফ্লিকের দল।