শিরোপা নিষ্পত্তি কি ‘এল ক্লাসিকোয়’

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় শিরোপা নির্ধারণী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্পেনের এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইকে বলা হয় ‘এল ক্লাসিকো’। এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই ২০২৫-২৬ মৌসুমের জন্য লিগা চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত হয়ে যাবে হ্যান্সি ফ্লিকের দল। ৩৪ ম্যাচ শেষে এই মুহূর্তে বার্নাব্যুর দলটির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে ট্রফি ধরে রাখার খুব কাছাকাছি অবস্থান করছে ন্যু ক্যাম্পের দলটি।

নিজেদের মাঠে এই ম্যাচে হার এড়াতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। অন্য দিকে রিয়াল মাদ্রিদের জন্য এটি শিরোপা আশা বাঁচিয়ে রাখার শেষ সুযোগ। যদিও তাদের ট্রফির সম্ভাবনা গাণিতিকভাবে খুবই কম। যার অর্থ হলো এই অবস্থান থেকে লস ব্লাঙ্কোসদের পক্ষে চ্যাম্পিয়ন করতে চাইলে কেবল অলৌকিক কোনো ঘটনাই সম্ভব।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সা। হান্সি ফ্লিকের অধীনে দলটি বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছে। বার্সেলোনার পথচলা তুলনামূলকভাবে মসৃণই। এই মৌসুমে ৩৪টি লিগ ম্যাচের মধ্যে ২৯টিতে জয়, একটিতে ড্র ও চারটিতে পরাজয় নিয়ে ৮৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা তাদের শেষ ১০টি লা লিগা ম্যাচের প্রতিটিতেই জয়ী হয়েছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আজই চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নিশ্চিত করতে চাইবে বার্সেলোনা।