চট্টগ্রামে প্রকৌশলী এ এ এম জিয়া হোসাইনের জানাজা সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী এ এ এম জিয়া হোসাইনের (৯২) দ্বিতীয় দফা নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম এবং মরহুমের বড় ছেলে সাজ্জাদ হোসাইন। জানাজায় ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

গত ১৩ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা গত বুধবার বাদ জোহর রাজধানীর মিরপুর সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুমা চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে কফিন নিয়ে যাওয়া হয় সাতকানিয়ার গ্রামের বাড়িতে। এশা নামাজের পর রাত ৯টায় গ্রামের বাড়ি সাতকানিয়ার দক্ষিণ রামপুর মৌলানা বাড়িতে তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করার কথা।

ইঞ্জিনিয়ার জিয়া হোসাইন দেশের একজন স্বনামধন্য সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেপজার মেম্বার ইঞ্জিনিয়ার, ইয়াংওয়ান গ্রুপের কোরিয়ান ইপিজেডের অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান এবং লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাতকানিয়ার দক্ষিণ রামপুরে জন্মগ্রহণ করা এই গুণীজন ১৯৩৪ সালে সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা আব্দুল অদুদ ছিলেন ভারতের দেওবন্দ থেকে পাস করা একজন বড় আলেম। ১৯৫৭ সালে বুয়েট থেকে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফলসহ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৭ সালে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পে অ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে করাচি ডেভেলপমেন্ট অথরিটির অ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ১৯৬২ সালে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন।