নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক ঘটনায় হাজারীবাগ, কদমতলী ও হাতিরঝিল এলাকা থেকে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানার পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে গতকাল শুক্রবার তাদের ময়নাতদন্ত করা হয় হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসনাইন সোহান জানিয়েছেন, মেট্রো হাউজিংয়ের এ ব্লকের চার নম্বর রোডের বাসার পঞ্চম তলার ফাট থেকে গত বৃহস্পতিবার তপু চৌধুরী (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাদ দিয়ে তিনি জানান, তপু চার বছর আগে বিয়ে করেন। মাঝেমধ্যে তাদের দাম্পত্য কলহ হতো। গত তিন মাস আগে কলহের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যান। স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
একই দিন রাতে কদমতলীর নুরপুর বায়তুস সালাম রোডের বাসা থেকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থেকে জাহাঙ্গীর আলম (৪৫) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেন কদমতলী থানার উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম। জাহাঙ্গীর ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা স্বজনদের। তবে কী কারণে তিনি এমনটি করেছেন, সে ব্যাপারে তেমন কিছু জানাতে পারেননি কেউ।
এ ছাড়া বৃহস্পতিবার হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মোস্তানছির বিল্লাহ দীনেশচন্দ্র দাশ (৮০) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেন। তিনি জানান, মালিবাগ রেলগেট ডিআইটি রোড ফাইওভারের পিলারের কাছ থেকে দিনের বেলা তার লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, দীনেশ বিভিন্ন রোগে ভুগছিলেন, বার্ধ্যকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।



