বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর নির্মাণ ও আবাসিক ভবন সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জহিরুল ইসলাম বলেন, ‘মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে বাঁশখালীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমিও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
তিনি আরো বলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং নতুন অ্যাম্বুল্যান্স বরাদ্দের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিও লেটার পাঠানো হয়েছে। দ্রুত এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ওসি রবিউল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল ও পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



