জামালপুরে চুরির ঘটনায় ছেলে আটক, লজ্জায় মায়ের আত্মহত্যা

Printed Edition

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা গ্রামে চুরির ঘটনায় ছেলের আটকের খবর শুনে মায়ের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে এলাকাবাসী তিনজন গরু চোরকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুজন মিয়াও ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রাম্য বিচারের প্রস্তুতির সময় ছেলের আটকের খবর শুনে লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে সুজন মিয়ার মা আত্মহত্যা করেন।

গ্রামবাসীর দাবি, ছেলের চুরির ঘটনায় সামাজিক লজ্জা ও মানসিক চাপে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

আটক তিনজনকে ইউনিয়ন পরিষদে নেয়া হয়েছে বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক নারী আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।