রয়টার্স
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক মিলিশিয়া বাহিনীর হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় ও নিরাপত্তা সূত্রগুলো এ সংবাদ দিয়েছে। ওই সূত্রগুলো জানায়, এপ্রিলের শেষে ইতুরি প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে। কোডেকো মিলিশিয়া বাহিনীর সাথে জড়িত সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায়। এলাকাটিতে নিরাপত্তার অভাব থাকায় লাশগুলো কয়েকদিন ধরে পড়েছিল।
নিরাপত্তা সূত্রগুলো মৃতের সংখ্যা ৬৯ বলে জানিয়েছে; কিন্তু স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তা দিউদোনে লোসা জানিয়েছেন, এ হামলায় নিহতের সংখ্যা ৭০ জনেরও বেশি। শনিবার এর আগে ডি আর কঙ্গোতে থাকা জাতিসঙ্ঘ মিশন দেশটির অস্থিরতাকবলিত পূর্বাঞ্চলে বেসামরিকদের লক্ষ্যস্থল করে চালানো ‘প্রাণঘাতী’ হামলার ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছিল। কঙ্গোতে জাতিসঙ্ঘ শান্তি মিশন মনুস্কো জানিয়েছিল, উত্তর কিভু, দক্ষিণ কিভু ও ইতুরি প্রদেশের এলাকাগুলোতে ‘সম্প্রতি বহু বেসামরিক নিহত হয়েছে’। খনিজ সম্পদে সমৃদ্ধ ডি আর কঙ্গো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে তিন দশক ধরে চলা সঙ্ঘাতে অস্থির হয়ে আছে।



