আনাদোলু
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল পৃথক হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পূর্বাঞ্চলে সালাহুদ্দিন সড়কে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে মাথায় আঘাত পেয়ে আরো একজন ফিলিস্তিনি নিহত হন।
জাতিসঙ্ঘ স্কুলে হামলা
গাজার নুসেইরাত এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি জাতিসঙ্ঘ পরিচালিত স্কুল ভবনে ইসরাইলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, হামলাটি স্কুল ভবনের ছাদে আঘাত হানে এবং এতে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই ব্রিফিংয়ে তিনি পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।



