সিলেটে মাজারে এসে গণধর্ষণের শিকার নারী

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটে হজরত শাহজালালের (রহ:) মাজার জিয়ারত করতে এসে গত সোমবার রাতে গণধর্ষণের শিকার হয়েছেন সাতীরার এক নারী। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় দুই ধর্ষককে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, সাতীরা জেলার বাসিন্দা ওই নারী সোমবার রাতে শাহজালালের মাজার জিয়ারত শেষে শাহপরাণের (রহ:) মাজার জিয়ারত করতে যান। শাহপরাণ এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে নগরীর লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েক ব্যক্তি এবং আরো কিছু সিএনজিচালিত অটোরিকশার চালক মিলে ভুক্তভোগীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। অভিযানে একটি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‌্যাব-৯।