ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার হয়ে এক স্কুলছাত্রীর (১৩) আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত রোববার রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে রোববার রাতে একই এলাকার রুবেল মিয়া (৩৬) ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই কিশোরী অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোররাতে তার মৃত্যু হয়।
গত সোমবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় স্বজনরা লাশ নিয়ে ফুলপুর থানায় অবস্থান নেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের দাদী আহাজারি করে বলেন, বিষ খাওয়ার আগে নাতনী বলে গেছে তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা ঘটনার বিচার চাই। ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


