নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। একই সাথে তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন।
সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির চিত্র বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।



