ক্রীড়া প্রতিবেদক
আইসিসি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ১০২ রানের বড় জয়ে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান। বিদায় নিলো নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। গ্রুপ থেকে ভারতের সঙ্গী হয়ে সুপার এইটে পাকিস্তান। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় শতক। এর আগে শতক করেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সামরা। একই সাথে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন ফারহান, তার সংগ্রহ ২২০ রান।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করে দলীয় ৪০ রানের মাথায় ওপেনার সাইম আইয়ুব ১২ বলে ১৪ রান করে বিদায় নেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৭ রান তোলে পাকিস্তান। তিনে নামা অধিনায়ক সালমান আলী আগা ওপেনার সাহিবজাদা ফারহানের সাথে জুটি গড়ে উইকেটের চার পাশে আগ্রাসী ব্যাটিং করেন। সালমান ২৩ বলে ৩৮ রান করে দলের ১০৭ রানের মাথায় থামেন।
চারে নেমে সুবিধা করতে পারেননি খাজা নাফে (৫)। এরপর ফারহানের সাথে জুটি বাঁধেন শাদাব খান। ফারহানের হাফ সেঞ্চুরির পর নামিবিয়ার বোলারদের পিটিয়ে শেষ ওভারে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আরেক প্রান্তে তাণ্ডব চালিয়েছেন শাদাব খানও। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ২২ বলে অপরাজিত ৩৬ রান করেন শাদাব খান। ৫৭ বলে শতরান করা ফারহান ৫৮ বলে ১১ চার ও চার ছক্কায় ১০০ রান করে অপরাজিত ছিলেন। এটি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১৪ সালে আহমেদ শেহজাদ ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। নামিবিয়ার হয়ে জ্যাক ব্রাসেল দু’টি এবং জেরার্ড ইরাসমাস এক উইকেট নেন।
জবাবে পাকিস্তানের বোলারদের বোলিং তোপে কোণঠাসা ছিলেন নামিবিয়ার ব্যাটাররা। পাওয়ারপ্লেতে জোড়া উইকেট হারিয়ে ৪০ রান তোলে নামিবিয়া। লরেন ২৩ ও আলেকজান্ডার ২০ রান করেন। বাকি আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শেষতক ৯৭ রানে অলআউট হয় নামিবিয়া। ৫৪ রানের মধ্যে হারিয়েছে শেষ ৮ উইকেট। ১০২ রানের বিশাল জয়ে সুপার এইটের টিকিট কেটেছে পাকিস্তান। উসমান তারিক চারটি, শাদাব খান তিনটি, সালমান মির্জা ও মোহাম্মদ নেওয়াজ একটি করে উইকেট নেন।



