পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ ওসমান হাদির স্মরণে ও তার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্র-জনতার আয়োজনে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ দৃশ্যমান জায়গাগুলোতে শহীদ ওসমান হাদির বলা কথা ও তার ছবি অঙ্কন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় তারা বলেন, আমরা এই কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ন্যায়বিচার ছাড়া আমরা থামব না। দেয়াল হবে আমাদের কণ্ঠ, রঙ হবে প্রতিবাদের ভাষা। প্রতিটি আঁচড়ে উচ্চারিত হবে একটাই দাবি ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই’। আমাদের দায়িত্ব একসাথে থাকা, পাশে দাঁড়ানো এবং প্রতিবাদকে শক্তিশালী করা।
এ প্রতিবাদ ভারতের আধিপত্যবাদ থেকে প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব রায় অবিরাম চলবে। কারো রক্তচক্ষু কিংবা পেশিশক্তির কাছে আমরা মাথা নোয়াব না। সবার প্রিয় শহীদ ওসমান হাদি তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন স্রোতের বিপরীতে কিভাবে শির উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। এই এক হাদি পরপারে গেলেও-লক্ষ হাদি দেশের তরে প্রস্তুত রয়েছে। তারা বলেন, এটি শুধু একটি কর্মসূচি নয়, এটি বীর শহীদদের পক্ষে দাঁড়ানো। এজন্য সব দেশপ্রেমিক নাগরিককে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।



