মিডল ইস্ট মনিটর
লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল মেনাসা বলেছেন, দেশের দক্ষিণে ইসরাইল কোনো নিরাপত্তা অঞ্চল তৈরি করতে পারবে না এবং বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরায় বাধা দেয়া যাবে না। তিনি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজের বক্তব্যকে নতুন দখলদারির স্পষ্ট ইঙ্গিত হিসেবে নিন্দা করেছেন।
মেনাসা বলেন, এসব বক্তব্য শুধু হুমকি নয়; বরং লাখ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং দক্ষিণের গ্রাম-শহর ধ্বংস করার পরিকল্পনার ইঙ্গিত দেয়। তিনি এটিকে লেবাননের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি বলেন, লেবাননের নাগরিকদের জমিতে ফেরার অধিকার কেড়ে নেয়া এবং গাজা মডেল দক্ষিণ লেবাননে প্রয়োগ করা হবে ভয়াবহ অপরাধ, যা লেবানন কখনো মেনে নেবে না। লিটানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে পরিকল্পনা ইসরাইল করছে, তা আগ্রাসন আরো গভীর করবে এবং অঞ্চলকে বিপজ্জনক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে বলে তিনি সতর্ক করেন।
তিনি জাতিসঙ্ঘ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আহ্বান জানান স্পষ্ট অবস্থান নিতে। তিনি বলেন, এ ধরনের হুমকি উপেক্ষা করলে আরো সঙ্ঘাত বাড়বে। এর আগে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ দক্ষিণ লেবাননের গ্রাম ধ্বংস ও মানুষদের বাস্তুচ্যুত করার হুমকি দেন। তিনি বলেন, সামরিক অভিযান শেষে ইসরাইলি সেনারা লেবাননের ভেতরে নিরাপত্তা অঞ্চল গড়ে তুলবে।



