ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আজ। গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দু’টি দলই তাদের প্রথম ম্যাচ জিতে মানসিকভাবে উৎফুল্ল অবস্থায় রয়েছে।
নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবীয়রা স্কটল্যান্ডকে সহজে হারায়। তবে তুলনামূলকভাবে দুর্বল নেপালের বিরুদ্ধে হারতে হারতে ম্যাচ জয় করে শিরোপার দাবিদার ইংল্যান্ড।
আজকের ম্যাচে যে দলই জয়ী হবে তাদের জন্য সুপার এইটের পথ অনেকটা সুগম হবে। দুই দলই রয়েছে ফর্মে। লড়াই হবে হাড্ডাহাড্ডি। যদিও টি-২০ বিশ্বকাপের ৭ দেখায় ৫ জয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ২০১৬ বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের ক্ষত এখনো রয়েছে ইংল্যান্ডের।
ইংল্যান্ড যেখানে পরিকল্পিত ক্রিকেট খেলে সেখানে ওয়েস্ট ইন্ডিজের রয়েছে পাওয়ার হিটিং। ব্যাটিংয়ে ম্যাককালাম শীষ্যদের ভরসা ফিল সল্ট ও জস বাটলাররা, বোলিংয়ে রয়েছেন সাম কারান, জোফরা আর্চার ও আদিল রশিদ।
অন্য দিকে ক্যারিবীয়দের রয়েছে পাওয়ার হিটার সিমরন হেটমায়ার ও বেন্ডন কিংরা। বোলিংয়ে তারা জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডে নির্ভর করবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কিছুটা পেস সহায়ক হওয়ায় দুই দলই পেসারদের প্রাধান্য দিতে পারে।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, নেপালের বিপক্ষে কঠিন জয়ের পর আক্রমণাত্মক ক্রিকেটে ফিরে যেতে চান। ওয়েস্ট ইন্ডিজ কঠিন চ্যালেঞ্জ দেবে। তাদের ছক্কা মারারও প্রশংসা করেন ব্রুক। এ ম্যাচে অলরাউন্ডার জেমি ওভারটন খেলার সম্ভাবনার কথাও জানান অধিনায়ক। অন্য দিকে সাই হোপ বলেন, ‘বিশ্বকাপে ভুল করার কোনো সুযোগ নেই। আমাদের ফোকাস প্রতিটি ম্যাচ জয় করা। দলের জয় আমার কাছে গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডকে মানসম্পন্ন দল হিসেবে অভিহিত করে হোপ বলেন, ‘নেপালের বিরুদ্ধে তাদের জয় প্রমাণ করে টি-২০ তো যেকোনো কিছু হতে পারে। পাওয়ার হিটিং আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে’।



