নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
সিলেট ব্যুরো জানান, সিলেট ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। রোববার সিলেটের জৈন্তাপুর ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী।
জানা যায়, রোববার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইটের সামনে সিলেটগামী প্রাইভেটকারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী তাহসিন আহমদ (১৫)।
এ দিকে রোববার দুপুরে হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার আবদুল হামিদের ছেলে ও হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।
রোববার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো: তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ২টার দিকে কুমিল্ল া-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদী (বাস্তোখোলা) এলাকার বাসিন্দা ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভ্যানটি সড়কের ওপর উল্টে যায়।



