জামায়াত আমিরের ‘মন্তব্যের প্রতিবাদে’ ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল  :  নয়া দিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে করা ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন সেøাগান দিয়ে ওই মন্তব্যের তীব্র নিন্দা জানান।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির তার পোস্টে কর্মজীবী নারীদের অবমাননাকর ভাষায় আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর আইডি হ্যাক হওয়ার যে দাবি করা হয়েছে, তাকে তিনি ‘প্রশ্নবিদ্ধ’ বলে অভিহিত করেন। রাকিবের মতে, আইডি হ্যাক হলে তাৎক্ষণিকভাবে অন্যান্য মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার সুযোগ থাকলেও জামায়াত আমির তা করেননি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত বৃহস্পতিবার আলজাজিরায় দেয়া জামায়াত আমিরের একটি সাক্ষাৎকারের সূত্র টেনে বলেন, সেখানে নারীদের রাষ্ট্রপ্রধান হওয়া নিয়ে নেতিবাচক মন্তব্য করার পর এক্সে এই বিতর্কিত পোস্টটি আসে।

তিনি দাবি করেন, ভেরিফায়েড আইডি হ্যাক হওয়ার দাবিটি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিশ্বাসযোগ্য নয়। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।