নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে মো: সরওয়ার অবসরে যাওয়ার কারণে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।
গত ৫ আগস্টের পটপরিবর্তন পরবর্তী সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ডিএমপির অভ্যন্তরীণ কাঠামো যখন চরম অনিশ্চয়তা এবং মনস্তাত্ত্বিক সঙ্কটের মুখে পড়েছিল, ঠিক সেই মুহূর্তে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে আসেন নজরুল ইসলাম। মেট্রোপলিটন এলাকার বিপর্যস্ত পুলিশিং ব্যবস্থাকে পুনরায় সুসংগঠিত ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন।
সে সময় কেবল রাজধানীর অপরাধ দমনেই তিনি সীমাবদ্ধ ছিলেন না, মহানগর পুলিশের সদস্যদের বিপর্যস্ত মনোবল পুনর্গঠন, ইউনিটের চেইন অব কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ডিএমপির প্রতি নগরবাসীর আস্থা পুনরুদ্ধারের মতো জটিল ও সংবেদনশীল বিষয়গুলোতেও তিনি কার্যকর নেতৃত্ব দেন। দৃশ্যমান উপস্থিতির বাইরেও দূরদর্শী নীতিগত সিদ্ধান্ত, ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ে বাস্তবভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি ডিএমপির বিশৃঙ্খল কাঠামোকে ধাপে ধাপে পুনরায় সক্রিয় করে তোলেন।
তবে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে বদলি করা হলেও এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।
এ দিকে গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো: সরওয়ার। পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল। অবসরে যাওয়া মো: সরওয়ার ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিকের দায়িত্বে থাকাকালীন ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনেন। বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার বেশির ভাগ তার অবদান।



