মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ও কড়ইচড়া ইউনিয়নের সীমান্তবর্তী ভেলামারী এলাকায় একটি সেতু নির্মাণের পরও সংযোগ সড়ক না থাকায় প্রায় আট বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের জাহারো মানুষকে। দ্রুত সেতুটি চলাচলের উপযোগী করা এবং পাকা সড়ক নির্মাণের দাবিতে অবশেষে গতকাল বুধবার মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
দুপুরে আয়োজিত মানববন্ধনে ভেলামারী, মৃধাপাড়া, গুনারীতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। এলাকাবাসীর দাবি, সেতু ও সড়ক সমস্যার কারণে প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা গ্রহণে নানা ভোগান্তির মুখে পড়ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির, হাফিজুর রহমান, আজিজুর রহমান, আবদুল বারী, আরিফ মাস্টার, হাফেজ মাওলানা নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এলাকার মানুষ অবহেলার শিকার হচ্ছেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। জরুরি রোগীদেরকে হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়তে হয়।
বক্তারা জানান, স্বাধীনতার এত বছর পরও এলাকার মানুষ নিরাপদ যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। দ্রুত সেতু ও পাকা সড়ক নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে সেতু ও সংযোগ সড়ক নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয়।



