ইনজুরডদের নিয়ে জাপান দল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তবে জাপান দলে জায়গা হয়নি দলের অন্যতম সেরা তারকা কাওরু মিতোমার। চোটের কারণে তাকে ছাড়াই যুক্তরাষ্ট্র যাচ্ছে জাপান। দল ঘোষণায় সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে মিতোমার বাদ পড়া। ব্রাইটনের এই ফরোয়ার্ডকে সাম্প্রতিক বছরগুলোতে জাপানের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত তাকে দলে রাখা সম্ভব হয়নি। শুধু মিতোমাই নন, অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোও জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে। তবে চোট কাটিয়ে ফেরা কিংবা এখনো পুরোপুরি ফিট নন এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ওপর আস্থা রেখেছেন মরিয়াসু। দলে রাখা হয়েছে অধিনায়ক ওয়াতারু এনডু, ডিফেন্ডার ইটাকুরা এবং তাকেহিরো তোমিজাসুকে। অন্য দিকে অভিজ্ঞতার দিক থেকেও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছেন জাপান কোচ। ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমা জায়গা পেয়েছেন তার পঞ্চম বিশ্বকাপ দলে।