৩০০ ফিটে স্কুটিতে প্রাইভেট কারের ধাক্কায় আহত চীনা নাগরিকের মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চীনা নাগরিক লি চ্যাং ইয়াং (৪৮) মারা গেছেন।

গতকাল দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত লি চ্যাং ইয়াং নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।

এর আগে গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটারা থানার এসআই মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সড়ক দুর্ঘটনায় ওই নাগরিকের মাথা ও ডান কান থেঁতলে গেছে এবং মাথার খুলির হাড় খোলা অবস্থায় ব্যান্ডেজ করা ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।