ঠাকুরগাঁও প্রতিনিধি ও রুহিয়া সংবাদদাতা
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশ গঠনের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের আগে ঠাকুরগাঁও বড়মাঠে জনসভায় তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, একে একে তার সবগুলোই পূরণ হচ্ছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা দরকার। এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। একটি দল এ ষড়যন্ত্রে মেতেছে। তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে তিনি। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত উপলক্ষে রুহিয়া উপজেলা আনুষ্ঠানিক উদ্বোধন রুহিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে জাতিসঙ্ঘে সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে। এ কৃতিত্ব পুরোটাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে বিশে^র বুকে আমাদের মাথা উঁচু হয়েছে।
৩ মাসে সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। মাত্র ক’মাসের মধ্যেই ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
রুহিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই দিনে বিগত সরকারের প্রয়াত সংসদ সদস্যসহ দলের মরহুম নেতাদের স্মরণ করে তিনি বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মধ্যে নেই। তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের অবদান রুহিয়ার মানুষ চিরদিন মনে রাখবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সেই সাথে আরো বলেন, এখানকার নারীসমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো বেশি সংগঠিত হতে হবে। তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সহসভাপতি নূর-এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সম্পাদক আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অস্থায়ী উপজেলার কার্যালয়ের উদ্বোধন করেন। বিকেলে তিনি নবগঠিত ভুল্লি উপজেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, বালিয়া, দেবিপুর, শুখানপুকুরি, আউলিয়াপুর ও বড়গাঁও ইউনিয়ন নিয়ে ভুলি উপজেলা এবং রুহিয়া, আখানগর, ঢোলরহাট, রাজাগাঁও, পশ্চিম রুহিয়া ও সেনুয়া ইউনিয়ন নিয়ে রুহিয়া উপজেলা গঠিত হয়েছে। গত ২৫ মে যার গেজেট প্রকাশিত হয়েছে।



