নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বিএসএফ কর্তৃক ১৩ জনকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিষয়টাকে ছোট করে দেখার সুযোগ নাই। পশ্চিমবঙ্গের সরকার ৯০ লাখ মানুষকেই বিতারিত করতে চাইছে। এর বিরুদ্ধে দ্রুত ও বহুমাত্রিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
গতকাল এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার অধীনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাতিল বা বাদ দেয়া এবং ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএসএ) বা নাগরিকত্ব (সংশোধন) আইনের ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছিলাম। কিন্তু এটা এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নাই। এটা এখন আন্তর্জাতিক বিষয়। রোহিঙ্গা সঙ্কটের মতো আমরা আর কোনো সঙ্কটে পড়তে চাই না।



