রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)।
ঘটনার প্রতিবাদে সোমবার দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে অর্ধদিবস সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।
শনিবার দুপুরে সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে শুকনাছড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ জানায়, লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে ইউপিডিএফ অবিলম্বে হেগেরা চাকমা হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারও শাস্তি দাবি করেছে।



