এক সেক্টরেই ৯ হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয় : সালাহউদ্দিন মুহাম্মদ বাবর

Printed Edition
এমআরটি কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গতকাল নয়া দিগন্ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়   : নয়া দিগন্ত
এমআরটি কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গতকাল নয়া দিগন্ত কার্যালয়ে অনুষ্ঠিত হয় : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, প্রতি বছর এক সেক্টরেই ৯ হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। রাজনৈতিক দলের আশীর্বাদপুষ্ট ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী এতে জড়িত। তাই আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। সামাজিক আন্দোলন তৈরির অন্যতম কারিগর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা।

গতকাল নয়া দিগন্ত কার্যালয়ে সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এমআরটি কোর্সের দ্বিতীয় ব্যাচের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনারা আশপাশের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। যা নাগরিক সাংবাদিকতার অংশ। আপনারা এখন প্রশিক্ষিত নাগরিক সাংবাদিক। শুধু সাংবাদিক না, আলোকিত সংবাদকর্মী তৈরি করতে চাই। যাদের মাধ্যমে সমাজকে আলোকিত করা যাবে।

নয়া দিগন্তের ডিজিটাল বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান বলেন, মানুষ এখন সংবাদ লাইভ দেখতে চায়। যখন ঘটনা তখনই সংবাদ দেখতে চায়। মানুষ সংবাদিকদের বিশ্বাস করতে চায়। এই বিশ্বাস অর্জনের চেষ্টা করতে হবে।

অনলাইন বিভাগের প্রধান মো: বিপ্লব বলেন, যে যত বেশি চর্চা করে, সে তত বেশি এগিয়ে থাকবে। প্রতিনিয়ত চর্চা ছাড়া সংবাদিকতা করা যায় না।

এমআরটির কো-অর্ডিনেটর নুরুল ইসলামের সঞ্চালনায় শুরুতে কোর্সটি সম্পন্ন করা শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে। শিগগিরই এমআরটির তৃতীয় ধাপের উদ্বোধনী কোর্স নিয়ে ধারাবাহিকভাবে একাধিক কোর্স চালু হবে।

চার মাসের মিডিয়া মিশন কোর্সে প্রশিক্ষণার্থীরা বেসিক জার্নালিজম, মোজো, টেলিভিশন জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন, অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, এসইও, ভিডিও জার্নালিজম, ফ্যাক্টচেকসহ সাংবাদিকতার বিভিন্ন অনুষঙ্গের ক্লাস করেছে।

এ সময় নয়া দিগন্ত ডিজিটাল বিভাগের সিনিয়র সাব-এডিটর সৈয়দ মূসা রেজা উপস্থিত ছিলেন।