যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিচ্ছেন গৌতম আদানি

Printed Edition

বিবিসি

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা একটি ফৌজদারি জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি।

২০২৪ সালে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি অভিযোগ তুলেছিল, ভারতের বড় বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে আদানিরা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। এ ছাড়া বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের সময় তারা মার্কিন বিনিয়োগকারীদের কাছে নিজেদের দুর্নীতিবিরোধী চর্চা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়। প্রস্তাবিত এই সমঝোতা চুক্তির জন্য এখন আদালতের অনুমোদনের প্রয়োজন হবে। তবে এই খবরের ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে; শুক্রবার আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে দেখা গেছে। আদানি গ্রুপ ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের বিদ্যুৎ ও বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যবসা রয়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, আদানিরা এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। তবে এই চুক্তির ফলে ভবিষ্যতে বিনিয়োগকারীদের প্রতারিত করা, সিকিউরিটিজ জালিয়াতি বা বাজার কারসাজির মতো মার্কিন আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা থাকবে। ২০২৪ সালের ওই মামলায় এসইসি অভিযোগ করেছিল, আদানি গ্রিন এনার্জি দুর্নীতিবিরোধী আইন মেনে চলছে এমন মিথ্যা আশ্বাস দিয়ে তারা ৭৫ কোটি ডলার সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ১৭ কোটি ৫০ লাখ ডলার এসেছিল মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে। তবে আদানি গ্রুপ শুরু থেকেই এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৬৩ বছর বয়সী গৌতম আদানির নিট সম্পদের পরিমাণ ৮ হাজার ২০০ কোটি ডলার, যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে।