নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের নেতারা।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
তারেক রহমানকে জাতীয় আইনজীবী সমিতির অভিনন্দন
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। একই সাথে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপনের সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান এই অভিনন্দন জানান।
অ্যাডভোকেট খসরুজ্জামান বলেন, জুলাইবিপ্লবের বীর শহীদদের আকাক্সক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতি আজ তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। দলমতের ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে তিনি একটি শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন বলে আইনজীবীরা দৃঢ় বিশ্বাস পোষণ করেন।
বিবৃতিতে জানানো হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রচেষ্টায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন করা হয়েছে। এটি আইনজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল। এ সিদ্ধান্তের মাধ্যমে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম হয়েছে।


