চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। গত মঙ্গলবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে ভিসি পদে যোগদান করেন।
যোগদানের পর এক মতবিনিময় সভায় নবনিযুক্ত ভিসি বলেন, ‘চবিকে আন্তর্জাতিক মানের একটি গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপ দেয়াই আমার লক্ষ্য।’ তিনি মেধাভিত্তিক মূল্যায়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি চবি পরিবারসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর ভিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে শহীদ মিনার, স্বাধীনতা স্মৃতিস্তম্ভ এবং বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বীর ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় চবি প্রো-ভিসিরাসহ বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রফেসর আল-ফোরকান চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউসি ডেভিসের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে তার ৫৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া কোভিড-১৯ মহামারিকালে চবি টেস্টিং ল্যাবরেটরির প্রধান সমন্বয়কারী হিসেবে তিনি এক লক্ষাধিক নমুনা পরীক্ষায় নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখেন। বিজ্ঞপ্তি।



