পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী এবং করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ঈদ অনুদান হস্তান্তর করা হয়েছে। গতকাল নগর ভবনে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এই অনুদান বিতরণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৫ মার্চ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে বিশেষ বরাদ্দ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসির মোট চার হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর অনুকূলে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। গতকাল ডিএসসিসি প্রশাসক এই বরাদ্দের চেক ও অর্থ কর্মীদের হাতে তুলে দেন।
পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এই উপহার পাঠিয়েছেন। বিনিময়ে আপনাদের দায়িত্ব হলো প্রধানমন্ত্রীকে একটি ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ উপহার দেয়া।
পৃথক এক অনুষ্ঠানে ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে এক হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি তিন হাজার টাকা এবং এক হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।
ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সচেতন করতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে সুশীলসমাজের প্রতিনিধি হিসেবে আপনাদের সক্রিয় সহযোগিতা ও পরামর্শ একান্ত কাম্য।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো: মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



