টিআরটি ওয়ার্ল্ড
মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে ফিলিস্তিন ইস্যুটি গভীর সঙ্কটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার রাজধানী মস্কোতে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদির সাথে বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। লাভরভ জানান, বর্তমান সঙ্ঘাতে ফিলিস্তিনকে ভুলে যাওয়ার যে ভান করা হচ্ছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় আঘাত।
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার আগে মধ্যপ্রাচ্যের আলোচনা মূলত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। কিন্তু বর্তমানে সবাই কেবল মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত নিয়ে কথা বললেও ফিলিস্তিন প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। এই ধরনের মনোভাবকে তিনি জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সুনামের প্রতি একটি গুরুতর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।
এই সঙ্কটময় পরিস্থিতিতে আঞ্চলিক দেশ, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোকে নিজেদের দায়িত্ব স্বীকার করার আহ্বান জানান লাভরভ। তিনি উল্লেখ করেন, জাতিসঙ্ঘ যেন তাদের গৃহীত সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে পারে, এমন যেকোনো পদক্ষেপকে রাশিয়া সক্রিয়ভাবে সমর্থন করতে প্রস্তুত। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার বর্তমান উত্তেজনায় যুদ্ধবিরতিকে সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকারমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। সঙ্ঘাতের সাথে যুক্ত সব পক্ষকে বেসামরিক অবকাঠামোর ক্ষতি ও প্রাণহানি এড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।



