শ্রীমঙ্গলে গেটম্যানের অনুপস্থিতিতে ট্রেন- ট্রাক্টর সংঘর্ষ

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে গেটম্যানের অনুপস্থিতি ও চরম গাফিলতির কারণে একটি যাত্রীবাহী ট্রেনের সাথে চা বাগানের ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল কাইয়ুম টিটু (৩২) নামে এক ট্রাক্টরচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগানসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানান, তার কক্ষেও তালা ঝুলতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইস্পাহানী জেরিন চা বাগানের শ্রমিকদের আনার জন্য ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া এলাকায় যাচ্ছিলেন চালক আব্দুল কাইয়ুম টিটু। রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ দ্রুতগতিতে এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে লাফিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান চালক। যদিও তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান যথাসময়ে উপস্থিত থাকলে এবং ব্যারিয়ার নামিয়ে দিলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনার পরও গেটম্যানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।