আরব নিউজ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করে অনন্য নজির সৃষ্টি করেছেন সুহেইলা মুখতার নামের এক মুসলিম তরুণী। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের সূচিতে তিনি মঞ্চে এসে সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত পাঠ করেন। গত মঙ্গলবার তার করা এই সুমধুর তিলাওয়াত অনুষ্ঠানস্থলে উপস্থিত দেশ-বিদেশের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিলাওয়াতের ভিডিওটি ছড়িয়ে পড়লে তা বিশ্বব্যাপী ব্যাপক ইতিবাচক সাড়া ও প্রশংসা কুড়ায়।
সুহেইলা মুখতার ২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করেছেন। ধর্মীয় চেতনার পাশাপাশি শিক্ষাজীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। অনন্য মেধার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি সম্মানজনক ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ খেতাবে ভূষিত হন। চিকিৎসাবিজ্ঞান ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত সুহেইলার একাধিক গবেষণাপত্র ইতোমধ্যে ‘সার্জিক্যাল জার্নাল’-এ স্থান পেয়েছে, যার মূল বিষয়বস্তু ছিল সার্জিক্যাল জার্নালে স্বার্থের দ্বন্দ্ব, গ্রামীণ জনপদের ডিজিটালায়ন ও নারী উন্নয়ন।
প্রযুক্তিগত ক্ষেত্রে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং অনলাইন শিক্ষার মনস্তত্ত্ব নিয়ে কাজ করার প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে। ক্যাম্পাসজীবনে তিনি ‘হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিক্যাল অ্যালায়েন্স’, ‘হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউ’ এবং ‘স্ট্রাইভ বোস্টন’-এর মতো প্রথম সারির সামাজিক ও নীতিনির্ধারণী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর বাইরে ২০২৪ সাল থেকে তিনি ‘মাউন্ট অবার্ন হাসপাতালে’ স্বেচ্ছাসেবক ও চিকিৎসাপ্রার্থী মানুষের সহায়তাকারী হিসেবে মানবসেবায় নিয়োজিত আছেন। হার্ভার্ডের বৈশ্বিক মঞ্চে পবিত্র কুরআনের বাণী তুলে ধরার পাশাপাশি শিক্ষার সর্বোচ্চ স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে সুহেইলা মুখতার বর্তমান তরুণ সমাজের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।



