শরীয়তপুরে স্বামীকে হত্যা স্ত্রীকে আটক

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা এবং লাশ খণ্ডবিখণ্ড করে ড্রামে ভরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার অভিযোগে স্ত্রী আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পালং মডেল থানা পুলিশ তাকে আটক করে।

নিহত জিয়া সরদার (৪০) সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ মাহমুদপুর গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিয়া ও আসমা শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় আট বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়। দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আসমা আক্তার রড দিয়ে জিয়ার মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে লাশ গোপন করতে সেটি টুকরো টুকরো করে ড্রামে ভরে বিভিন্ন স্থানে সরিয়ে রাখে।

গত শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের খেলসি কানার বাজার এলাকায় একটি বাসায় ওই ড্রাম নিয়ে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, নিহতের বাবা রাজ্জাক সরদার হত্যা মামলা করেছেন। ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।