গো-খাদ্য সঙ্কটে অল্প দামে গরু বিক্রি

Printed Edition

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরপাড়ের কৃষকেরা গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ার পর এখন দেখা দিয়েছে তীব্র গো-খাদ্য সঙ্কট। গো-খাদ্যের অভাবে দিশেহারা কৃষকেরা অল্প দামে তাদের পালিত গবাদিপশু বিক্রি করে দিচ্ছেন।

হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে গবাদিপশুর প্রধান খাদ্য হলো বোরো ধানের খড়; কিন্তু চলতি মৌসুমে আকস্মিক জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বোরো ফসল অকালেই তলিয়ে গেছে। এতে ধান ও পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ও পচে নষ্ট হয়ে গেছে। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা অনেকেই ঋণের টাকায় কৃষি চাষের মাধ্যমে ধান রোপণ করেছিলেন। ফসল হারিয়ে এখন দিশেহারা। ঋণের বোঝা আর গবাদিপশুর খাদ্য সঙ্কটে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মধ্যনগরের কিছু এলাকায় কৃষকদের অবশিষ্ট ভেজা খড় রোদে শুকিয়ে গো-খাদ্য হিসেবে ব্যবহারের চেষ্টা করতে দেখা গেছে। তবে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত নগণ্য।