আলোচনা সভায় বক্তারা

তামাকজনিত রোগে ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

Printed Edition

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি ঘণ্টায় গড়ে ১৮ জন মানুষের মৃত্যু হচ্ছে। সে হিসাবে বছরে প্রায় এক লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। এছাড়া পরোক্ষ ধূমপানের শিকার হয়ে অসংখ্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

গতকাল বুধবার নাটোরের বড়াইগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: এটিএম শাফায়াত শামস রকি। তিনি জানান, দেশে কর্মস্থলে কর্মরত প্রাপ্তবয়স্কদের ৪২ দশমিক ৭ শতাংশ এবং গণপরিবহনে যাতায়াতকারীদের ২৪ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়া প্রায় ৬১ হাজার শিশু পরোক্ষ ধূমপানজনিত নানা রোগে ভুগছে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আলী আকবর ও মমিন আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরে আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।