কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সোহেল শেখ (৩৫) নামে এক যুবককে দুই দফায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন গত রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহেল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দক্ষিণ চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ভিকটিম কলেজছাত্রী বোয়ালমারী উপজেলার একটি কলেজে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতেন। পরে ওই ছাত্রীর পরিবারের লোকজন সোহেলের অভিভাবকদের কাছে নালিশ করলে একই বছর ১৪ সেপ্টেম্বর সোহেল সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে অপহরণ করেন।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় সোহেল শেখের পাশাপাশি তার ভাই রাসেল শেখ (৩২) ও আরিফ শেখ (৪০) নামে তাদের আরেক সহযোগীকে আসামি করা হয়।

বোয়ালমারী থানার এসআই মো: সানোয়ার হোসেন তদন্ত শেষে ২০১৭ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও আদালত সোহেল শেখের দু’টি অপরাধে দু’টি ধারায় রায় প্রদান করেছেন। একটি অপহরণ ও অপরটি ধর্ষণ। দু’টি অপরাধে একই সাজা হওয়ায় আদালত তাকে এই দুই সাজা একত্রে ভোগের নির্দেশ দিয়েছেন। এজন্য একই সময়ে একইসাথে এই দুই সাজা কার্যকর হবে।