সংবাদ প্রকাশ

বাজিতপুরে তেল বিক্রি শুরু, কমেছে দাম

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদতা

দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার হাওরাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজার। গত কয়েক দিনের কৃত্রিম সঙ্কট কাটিয়ে শুক্রবার সকাল থেকে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি শুরু করেছে স্থানীয় পেট্রলপাম্পগুলো। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

গতকাল শুক্রবার সকালে বাজিতপুরের পৌলানপুর এলাকার বন্ধ থাকা পাম্পসহ বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের তেল নিতে দেখা গেছে। ইরান-ইসরাইল যুদ্ধের অজুহাতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করে ১১৬ টাকার পেট্রল ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করছিলেন। বিশেষ করে বাজিতপুরের গাজীরচর ও নিকলীর বিভিন্ন মোদি দোকানে বোতলজাত পেট্রল চড়া দামে বিক্রির অভিযোগ ওঠে। তবে পাম্পগুলো খুলে দেয়ায় এক দিনের ব্যবধানে খুচরা বাজারেও তেলের দাম কমতে শুরু করেছে। এখন অনেক দোকানে ১২৫ থেকে ১৫০ টাকায় তেল মিলছে।

তেল নিতে আসা চালকরা জানান, গত কয়েক দিন অতিরিক্ত টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছিল না। সংবাদ প্রকাশের পর প্রশাসন ও পাম্পমালিকদের তৎপরতায় এখন স্বাভাবিক দামে তেল পাচ্ছেন তারা। নিকলী ইউএনও রেহেনা মজুমদার মুক্তি জানান, অতিরিক্ত মূল্যে তেল বিক্রির কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তবে বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি চালানো হচ্ছে। কেউ আইন অমান্য করে অতিরিক্ত দাম নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সিন্ডিকেট চক্রের হাত থেকে রেহায় পেতে প্রশাসনকে নিয়মিত তদারকি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।