নন-এমপিও ঐক্যপরিষদের হুঁশিয়ারি

ঈদের ১৫ দিনের মধ্যে এমপিওভুক্ত না করলে কঠোর আন্দোলন

Printed Edition

সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদ’। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

সভাপতির বক্তব্যে ঐক্যপরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো: সেলিম মিয়া বলেন, দেশের শিক্ষার উন্নয়নে নন-এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা এখন সময়ের এক নম্বর যৌক্তিক দাবি। আমাদের জন্য বরাদ্দকৃত টাকা অন্য খাতে ব্যয় করা অন্যায়। আগামী ঈদুল ফিতরের পর ১৫ দিনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’

সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো: নাজমুস সাহাদাত আজাদী বলেন, গত ২০-২৫ বছর ধরে আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, দ্রুত এই বৈষম্য দূর করে শিক্ষকদের বেতনভাতার আওতায় আনা হোক। সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো: মনিমুল হক বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, অতীতে রাজনৈতিক কারণে আমরা বঞ্চিত হয়েছি, এখন সময় এসেছে একযোগে সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার।

যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো: ইমরান বিন সোলায়মান বিগত সরকারের আমলের নির্যাতন ও অন্তর্বর্তী সরকারের সময় ৮৭ দিনের রাজপথের সংগ্রামের স্মৃতিচারণ করেন। সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম আগের সফটওয়্যারের মাধ্যমে যাচাইকৃত তালিকা অনুযায়ী দ্রুত এমপিওভুক্তির দাবি জানান। অন্য এক সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ দীর্ঘ দুই দশক বিনা বেতনে চাকরি করাকে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও অমানবিক বলে উল্লেখ করেন।