যাদুকাটায় ড্রেজার মালিকের ৯০ দিন কারাদণ্ড

Printed Edition

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে দায়িত্ব পালনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সত্রিশ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মিলন মিয়া (৪৫) নামে এক ড্রেজার মালিককে ৯০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মিলন মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের নেতৃত্বে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সত্রিশ এলাকায় অভিযান চালালে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় দু’টি স্টিলবডি নৌকা ও তিনটি ড্রেজারবাহী কাঠের নৌকা জব্দ করা হয়।

পরে জব্দ করা নৌকা সরিয়ে নেয়ার প্রস্তুতির সময় কয়েক শ’ মানুষ নদীর পাড়ে জড়ো হয়ে মোবাইল কোর্ট টিমকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এতে স্পিডবোটের চালক আহত হন এবং পরিস্থিতির কারণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পিছু হটতে হয়।

পরবর্তীতে নৌ-পুলিশ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পুনরায় অভিযান চালিয়ে দু’টি বাল্কহেড ও একটি ড্রেজারবাহী নৌকা জব্দ এবং মিলন মিয়াকে আটক করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।